বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র, ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং ভুয়া জন্ম নিবন্ধন সদনপত্র তৈরি চক্রের ১ সদস্যকে আটক করেছে র্যাব-৭।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে শাহাদৎ হোসেন (৩১) নামের এই ব্যক্তিকে আটক করা হয়।
শাহাদৎ হোসেন (৩১) ভোলা জেলার ভোলা সদর থানার পশ্চিমচর মৌয়াবাদ এলাকার এস আব্দুল আজিজের পুত্র। বর্তমান সে ইপিজেড থানার বন্দর টিলা এলাকার নয়ারহাটে বসবাস করে আসছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান বলেন, নগরীর খুলশী থানাধীন টেকনিক্যাল মোড়ের মা ডিপার্টমেন্টাল স্টোর-এর পশ্চিম পাশের ‘হক কম্পিউটার’ নামীয় দোকানের ভিতর জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত কম্পিউটারের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বিশ্ববিদ্যালয়ের সনদপত্র, সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র, আয়কর সনদপত্র তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশে তথ্য সংরক্ষরণ ও বহন করার তথ্য পেয়ে র্যাব-৭ এর একটি আভিযানিক দল প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা তৎপরতার চালায়। অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহাদৎ হোসেনকে আটক করা হয় (৩১)।
‘পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করে এবং উক্ত দোকান তল্লাশি করে বিভিন্ন ব্যক্তির নামে ২৩ পাতা ভূয়া জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত সনদপত্র, বিশ্ববিদ্যালয় সনদ, সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র, আয়কর সনদপত্র, ১ টি ডেস্কটপ কম্পিউটার উদ্ধারপূর্বক আটককৃত প্রতারক শাহাদৎকে করা হয়।’
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে।
আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
বাংলাধারা/এফএস/এএ












