৩১ মার্চ ২০২৬

ভোলায় ট্রলার ডুবি: আরও ৯ জেলের মরদেহ উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার ইলিশা ও মেঘনা নদীর মোহনায় ট্রলার ডুবির একদিন পর নিখোঁজ আরও ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

সোমবার রাতে মেহেন্দীগঞ্জ উপজেলার বাহাদুরপুর চর এলাকার মেঘনা নদী থেকে ডুবে যাওয়া ট্রলারসহ এসব মরদেহ উদ্ধার করা হয়।

যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- চরফ্যাশনের দুলার হাট এলাকার কামাল দালাল (৩৫), আব্বাস মুন্সি (৪৫), হাসান মোল্লা (৩৮), রফিক বিশ্বাস (৫৫), নুরনবী বেপারী (৩০) মফিজ মাতুব্বর (৩৫) নজরুল ইসলাম (৩৫), কবির হোসেন (৪০) ও মো. বিল্লাল (৩২)।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জেলেরা ওই এলাকার মেঘনা নদীতে একটি ট্রলারের এক অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মেহেদীগঞ্জ থানার পুলিশ ওই ট্রলারটিকে উদ্ধার করলে ট্রলারের কেবিন থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়।মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

গত রোববার (১০অক্টোবর) ২৪ জেলে চাঁদপুর জেলার মৎস্যঘাট থেকে মাছ বিক্রি করে থেকে উত্তাল মেঘনা নদী দিয়ে চরফ্যাশন উপজেলা আব্দুল্লাহপুর আসছিল । ইলিশা ও মেঘনা নদীর মোহনায় প্রবল স্রোতের কবলে পড়ে  ট্রলারটি ডুবে যায়। এরপর ওই দিন ১০ জন জেলেকে জীবিত ও একজনের মরদেহ উদ্ধার করা হয় ।  নিখোঁজ থাকে ১৩ জেলে। সোমবার আরও ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে ৪ জেলে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন