চট্টগ্রামের বোয়ালখালীতে মদের আসর থেকে গ্রেপ্তারের পর নগরীর হাজারী লেইনের এক পাইকারি ওষুধ ব্যবসায়ীসহ দুজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন সঞ্জয় বিশ্বাস (৪০) ও তার এক সহযোগী। সঞ্জয় বিশ্বাস বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী গ্রামের পদ্মপুকুর পাড় এলাকার মৃত দিলীপ বিশ্বাসের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর হাজারী লেইনের মেসার্স আর মহাশয় নামে একটি পাইকারি ওষুধের দোকানের মালিক।
সোমবার রাতে দক্ষিণ সারোয়াতলী গ্রামের আইচবাড়ির পুকুরপাড়ে বসা মদের আসরে অভিযান চালায় বোয়ালখালী থানা পুলিশ। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও সঞ্জয় বিশ্বাস ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতেই তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
সহকারী কমিশনার কানিজ ফাতেমা জানান, পুলিশের তথ্য অনুযায়ী দক্ষিণ কনজুরি (সারোয়াতলী) গ্রামে একটি পূজামণ্ডপের পাশে একটি বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির পুকুরপাড়ে রাতে মদের আসর বসানো হয়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়।
তিনি বলেন, আটক দুজনের আচরণ অসংলগ্ন ছিল। পরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধির মাধ্যমে তাদের পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর সঞ্জয়সহ দুজনকে নেশাগ্রস্ত উল্লেখ করে লিখিত প্রতিবেদন দেওয়া হয়।
এই প্রতিবেদনের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দুজনের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা শেষে নয়, দণ্ড কার্যকরের জন্য তাদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কানিজ ফাতেমা।












