৩০ মার্চ ২০২৬

মদ বিক্রির প্রতিবাদে ছাত্রনেতার উপর হামলা : জড়িতদের শাস্তির দাবি

বাংলাধারা প্রতিবেদন »  

করোনার এই দুর্যোগেও অবাধেই চলছে ফিরিঙ্গিবাজারে অনুপ বিশ্বাসের মদের রমরমা ব্যবসা। ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ায় চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক এনামের (৩৫) উপর হামলার ঘটনা ঘটে। এনামুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। অনুপ বিশ্বাসের মদের মহালের কর্মচারীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আহত এনামুলের পরিবার।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে এ হামলার ঘটনার পরপরই বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। 

আমরা ক’জন মুজিব সেনার প্রধান উপদেষ্টা তারেক সোলেমান সেলিম, সংগঠনের নগর শাখার সভাপতি সরফরাজ নেওয়াজ রবিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজম, সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ওয়াজ উদ্দিন আজাদ এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এ সময় অনুপ বিশ্বাসসহ হামলায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এনামুল হকের ছোট ভাই মো. সাইফুল বলেন, দুপুর আনুমানিক পৌনে তিনটার দিকে সাগর দাশ ও মোরশেদের নেতৃত্বে অনুপ বিশ্বাসের মদের মহালের কর্মচারি, কিশোর গ্যাং নেতা হৃদয় দাশ, অজয় দাশ, গিটটু দাশ, আকাশ দাশসহ ১০-১৫ জনের একটি দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাসায় এসে অতর্কিতভাবে হামলা চালায়। এতে এনামের শরীরে বিভিন্ন জায়গায় জখমসহ মাথা ফেটে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা হামলায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। আমার নিরপরাধ ভাই হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলাধারাকে বলেন, মাদক বিষয়ে ফেসবুকে লেখালেখির বিরোধের জের ধরে দুপুরে মারামারির ঘটনা ঘটেছে। এতে এনামুল হক ছাড়াও সেখানকার হৃদয় দাশসহ দুইজন আহত হয়েছে। তবে সাগর দাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সে প্রকৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তবে মারামারির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানান ওসি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন