ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাইর ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ৪টি অ্যারাইভাল ফ্লাইট ও ৩টি ডিপার্চার ফ্লাইট মঙ্গলবার সচল ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইট পুনরায় স্থবির হয়ে পড়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ২৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।












