৩০ মার্চ ২০২৬

মনজুর আলমের কারখানাই করছে পরিবেশের ক্ষতি সাধন, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ৭ ধারায় চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলমের কারখানা ‘গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড’কে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

উক্ত কারখানায় সাবেক মেয়র মনজুর আলমের পুত্র গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেডের পরিচালক সারোয়ার আলমের পরিচালনায় প্রায় ৪০০ শ্রমিক জাহাজ ভাঙার কাজ করে।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সীতাকুণ্ডের শীতলপুরে কারখানার অপরিশোধিত তেল ফেলে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্যের ক্ষতি করা ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড নামের এ জাহাজভাঙা কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন।

জানা যায়, ২০১১ সালের ৭ ফেব্রুয়ারি গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড পরিবেশগত ছাড়পত্রের অনুমতি পায়। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারিতে আবারও ছাড়পত্র নবায়ন করে প্রতিষ্ঠানটি। তবে জাহাজ থেকে বিভিন্ন বিপজ্জনক বর্জ্য অপসারণ ও নির্গত তরল বর্জ্যগুলো পরিবেশসম্মতভাবে নিষ্পত্তি হচ্ছে কিনা তা দেখতে গত ২৫ জানুয়ারি সীতাকুণ্ডের কুমিরায় যান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

সেখানে গিয়ে তিনি জাহাজ ভাঙার জায়গায় শ্রমিকদের পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া, কারখানার অয়েল ওয়াটার সেপারেটরি ও ইনসেনেটরি অকার্যকর দেখতে পান। একই সঙ্গে জাহাজ থেকে নির্গত অপরিশোধিত তেল বঙ্গোপসাগরে ফেলে জীববৈচিত্র্যের ক্ষতি করার দায়ে কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজির থাকার জন্য নোটিশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, ইয়ার্ডটি সম্প্রতি পরিদর্শনে গিয়ে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশ দূষণের প্রমাণ মেলে। পরবর্তীতে তাদের শুনানিতে হাজির হতে নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেডের পরিচালক সারোয়ার আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন থেকে সাড়া মেলেনি।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন