১৩ মার্চ ২০২৬

মাইকিংয়ের সূত্রে ধরা পড়লো মাদক ব্যবসায়ী ‘জাকু’

বাংলাধারা প্রতিবেদন »

মাদক ছাড়ুন, নয় এলাকা ছাড়ুন। এই চারটি কথা বলেই মাইকিং করেছিলেন নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন । সচেতন এলাকাবাসীও শুনেছিলেন এই কথাগুলো। মাইকিং করার চার দিনের মধ্যেই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জাহেদ ইসলাম ইমন ওরফে জাকুকে ধরিয়ে দিলেন এলাকাবাসী।

সোমবার মধ্যরাত নাগাদ এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন জানান, মাদক ব্যবসায়ীদের তথ্য চেয়ে আমরা নজুমিয়া লেইনে মাইকিং করেছিলাম। আমাদের সাথে যোগাযোগের নাম্বার দিয়েছিলাম। সেই মাইকিংয়ের সূত্রেই এলাকাবাসী আমাদের জাকুর অবস্থান জানায়। তাদের দেওয়া তথ্যেই গ্রেফতার করা হয় জাকুকে।

তিনি আরো বলেন, পাথরঘাটা এলাকার মূল মাদক বিক্রেতা হিসেবে পরিচিত এই জাকু। এক সময় ছিনতাইকারী থাকলেও পরে মাদকের ব্যবসায় ঝুঁকে সে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের কোতোয়ালী এলাকাকে মাদকশূন্য করার ঘোষণা দেয় কোতোয়ালী থানা। তারই অংশ হিসেবে থানাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়। ৭৮ টি মসজিদে মাদকবিরোধী খুতবা দেওয়া হয়। প্রতিটি মসজিদের সামনে মাদকের তথ্য চেয়ে ব্যানার টানানো হয়। এলাকায় এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের তালিকাও। সবশেষে সাঁড়াশি অভিযান চালানো হবে।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ