খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. বেলাল হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাকে নতুন পাড়া থেকে আটক করে পুলিশ।
মো. বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফর আলীর ছেলে। তিনি নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ও নতুনপাড়া জামে মসজিদের ইমাম।
জানা যায়, নির্যাতিত ছাত্রটি ওই মাদরাসার হোস্টেলে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করতো। তাকে বিভিন্ন সময় আদর করার ছলে বলাৎকার করার চেষ্টা করে। গেল কয়েকমাস ধরে অভিযুক্ত শিক্ষক মো. বেলাল হোসেন একাধিকবার যৌন কামনা চরিতার্থ করার জন্য বলাৎকার করে।
বিষয়টি কাউকে না জানায় সেজন্য তাকে মারধর করে এমন কি প্রান নাশেরও হুমকি প্রদান করে বলে জানিয়েছে নির্যাতিত শিক্ষার্থীর ফুফু খালেদা বেগম।
সম্প্রতি বাড়িতে গিয়ে তার ফুফুর কাছে শিক্ষকের এমন নোংরা কর্মকান্ড খুলে বলার পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ওই ঘটনার বিচার চেয়ে নতুনপাড়া সমাজ কমিটি ও মাদরাসা কমিটির কাছে আবেদন করে ফুফু খালেদা বেগম।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দীন ভুইঁয়া জানান, এ ঘটনায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রের ফুফু খালেদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে আজ আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি নির্যাতিত ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান।
বাংলাধারা/এফএস/টিএম












