১৯ মার্চ ২০২৬

মাটিরাঙ্গায় পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম গ্রহণের হিড়িক

খাগড়াছড়ি প্রতিনিধি  »

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে গত তিন দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অনেকে। এরমধ্যে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৫জন, সংরক্ষিত আসনে ৫জন সহ মোট ৩০জন প্রার্থী এই পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

তফসীল ঘোষনার পর নড়েছড়ে বসেছে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা। মেয়র পদে আওয়ামীলীগ-বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দৌড়ঝাপ শুরু করেছে। তাদের অনেকেই ঢাকায় অবস্থান করছেন আরো ক‘দিন আগে থেকেই।

অন্যদিকে তফসীল ঘোষনার পর নির্ধারিত দিন থেকেই কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম গ্রহণের হিড়িক পড়ে গেছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সুত্র মতে জানা যায় গত মঙ্গলবার থেকে (৭জানুয়ারি) বৃহস্প্রতিবার পর্যন্ত কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩০জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২নং ওয়ার্ডে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. এমরান হোসেন সহ ৪জন, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটনসহ ৩জন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মোস্তফাসহ ৫জন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলী মিয়াসহ ২জন, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগসহ ৪জন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আলী হায়দার শিপনসহ ৪জন, ৮নং ওয়ার্ডে ১জন এবং ৯ নং ওয়ার্ডে ২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়াও ১, ২ ও ৩ (সংরক্ষিত আসন-১) নং ওয়ার্ডে ১জন, ৪, ৫ ও ৬ (সংরক্ষিত আসন-২) নং ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর মনোয়ারা বেগমসহ ৩জন এবং ৭, ৮ ও ৯ (সংরক্ষিত আসন-৩) নং ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর জয়নব বিবি সম্ভাব্য নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সবধরনের প্রস্তুতি রয়েছে । ১৭ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ তারিখ, এ নির্বাচনে মাটিরাঙ্গা পৌরসভার ১৮হাজার ৯শ ৬৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন