১৯ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে ইসির মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি »

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ১৪ ফেব্রুয়ারি মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাইদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান,জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহাম্মেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র শামছুল হক, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো:শাহ জালাল কাজল, স্বতন্ব মেয়র প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী সহ সাধারণ কাউন্সিলর প্রার্থী, বিভিন্ন গোয়েন্দা সংস্হার প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে পৌর নির্বাচনকে ঘিরে শঙ্কা, বিভিন্ন অভিযোগ, প্রশ্ন ও নির্বাচন সংশিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করা হয়।

সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাইদ মজুমদার বলেন, পুরো নির্বাচনি এলাকাসমুহকে নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হবে,ভোটারটা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে।

গোপন কক্ষে ভোট গ্রহণ বাধ্যতামুলক উল্লেখ করে তিনি আরো বলেন,কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে,তাছাড়া জনগণের চলাচল পথকে রোধ করে কোন ধরণের পথসভা করা যাবে না।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মোঃ মেহেদী হাসান বলেন, আমরা ইতোমধ্যে খাগড়াছড়ি পৌর নির্বাচন সম্পন্ন করেছি, এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাটিরাঙ্গায় একটি সুষ্ঠু নির্বাচন করা হবে। ৪নং ৮নং, ১২নং কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে।

বহিরাগতদের নির্বাচনে প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো বলেন,কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মেনে নেয়া হবে না।পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি টহলে থাকবে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো.রাজু আহমেদ নির্বাচনের আচরন বিধির গুরুত্ব উল্লেখ করে বলেন,নির্বাচন অবাধ,সুষ্ঠু,ও নিরপেক্ষ হবে। এ ব্যাপারে আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি আরো বলেন,ভোট সকলের সামনে কোনমতেই দেয়া যাবে না। তাছাড়া কোনমতেই  ভোটগ্রহণ সংশিষ্টদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

সভায় অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন