২২ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাদক-সন্ত্রাস-দুর্নীতি রোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই: এরশাদ উল্লাহ

সামাজিক অবক্ষয় রোধে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ উল্লাহ বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি সময় পার করছি, যখন বিভিন্ন ধরনের অবক্ষয় আমাদের সমাজকে গ্রাস করছে। মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস— এসব একেকটি বড় ধরনের সামাজিক অবক্ষয়।’

তিনি বলেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে বলতে হয়, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব অবক্ষয়ে জড়িতের সংখ্যা খুবই কম। মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চারিত্রিক গুণাবলি শেখানো হয়। ভবিষ্যৎ জীবনে বড় হয়ে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে এসব গুণাবলি খুবই প্রয়োজন।’

মাদ্রাসার শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল করছে। শিক্ষার্থীদের চরিত্র গঠনে প্রাথমিক শিক্ষারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মাদ্রাসা পরিচালনা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের।

মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহিম আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম শওকত ও বিএনপি নেতা ইছহাক চৌধুরী।

এ সময় বিএনপি নেতা মেহেদী হাসান সুজন, নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, সাহাবুদ্দিন, জাকির হোসেন ও মো. সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম স ম মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, চরণদ্বীপ দরবারের শাহজাদা সাইফুল্লাহ ফারুখী এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নুরুল মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এরশাদ উল্লাহ।

আরও পড়ুন