১৩ মার্চ ২০২৬

মানুষের ভালোবাসা পাওয়াটাই বড় সফলতা- ওয়াসি খান

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের তরুণ সম্ভাবনাময় মডেল ওয়াসি খান। যে তার মডেলিং দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। জি সিরিজ, সিডি চয়েজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানসহ প্রায় ৪০টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। এছাড়াও প্রায় ১০টি শর্টফিল্মেও কাজ করেছেন যা দর্শকমনে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিনিয়ত নতুন নতুন কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তবে মডেলিংয়ের পাশাপাশি এই শিল্পী টিভি নাটকে অভিনয়ের দিকেও ঝুঁকছেন বর্তমানে। সাম্প্রতিক সময়ে তার কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাধারা’র সাথে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন বাংলাধারা’র নিজস্ব প্রতিবেদক ইয়াসির রাফা।

বাংলাধারাঃ কেমন আছেন?

ওয়াসি খানঃ আল্লাহ রহমতে ভালো আছি

বাংলাধারাঃ মডেলিং পেশায় কিভাবে এলেন?

ওয়াসি খানঃ আর্টের প্রতি আমার আগ্রহ অনেক ছোটবেলা থেকেই। স্কুলে পড়াকালিন সময়ে ‘পথনাটক’ থেকে শুরু। আমি শুরুতে শখে মডেলিং করি। এরপর শখ থেকে এটি আমার কাজের অংশ হয়ে গেছে। এখন মডেলিং নিয়েই চিন্তা করছি, চলছি এবং ভাবছি। আমি খুব ফিল করতাম যে, আমার এমন একটি কাজ দরকার, যেটি আমার মত করে এবং আমার ইচ্ছে মত করতে পারবো। এরপর আমার মনে হলো যে, মডেলিং এমনই একটি জব একেবারে নিজের মত করে কাজ করা যায়। আমি আমাকে কিভাবে হাইলাইট করবো, কিভাবে প্রেজেনটেশন দিব, কোন কাজটি করবো, কোন কাজটি করবোনা এখানে আমার পুরো স্বাধীনতা আছে।

বাংলাধারাঃ মডেলিং করে আপনি কতটুকু সফল?

ওয়াসি খানঃ যে কাজ করতে আমি ভালোবাসি, যেখানে আমি আনন্দ পাই সে কাজে আমি নিজেকে সফল মনে করি। সে হিসাবে আমি মডের্লিং করে যথেষ্ট সফলতা পেয়েছি। আজকে আমাকে অনেকেই চেনে ভালোবাসে। মানুষের ভালোবাসা পাওয়াটাই তো সবচে বড় সফলতা।

বাংলাধারাঃ পেশা হিসাবে মডের্লিং-এ কোনো সমস্যা আছে কী?

ওয়াসি খানঃ আপনি নিশ্চয়ই জানেন যে, মিডিয়ায় যারা কাজ করেন তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। অনেক ক্ষেত্রেই মডেলদের পারিশ্রমিকের দিক থেকে ঠকানো হয়, তবে সবাই না। কোম্পানিগুলো মডেলদের সাথে কন্ট্রাক্ট করতে পারে না। এখানে বিভিন্ন এজেন্সি কাজ করে। এজেন্সিগুলো সরাসরি কোম্পানির সাথে লেনদেন করে। লেনদেনের বিষয়গুলো মডেলরা জানতে পারে না। এজেন্সিগুলো কোম্পানির কাজ থেকে যে পরিমাণ অর্থ নেয় সেই অনুযায়ী মডেলকে পেমেন্ট করেন না। অনেক কম পেমেন্ট করেন। এক্ষেত্রে স্বচ্ছতা থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে মধ্যস্থতাকারী অথবা এজেন্সি মডেলদের ঠকাতে পারবে না এবং মডেলরা ঠিকমত তার পারিশ্রমিক পাবে। তবে এজন্য মডেলদের মধ্যে সমন্বয় প্রয়োজন।

বাংলাধারাঃ মডেলিংয়ের সম্ভাবনা কেমন দেখছেন?

ওয়াসি খানঃ মডেলিং একটি কাজ- এই চিন্তা নিয়ে মডেলিংয়ে আসতে হবে। প্রত্যেকটি কাজকে সম্মান দেখাতে হবে। কাজের প্রতি সিরিয়াস হতে হবে। আমি আমার কাজকে সম্মান দেখাতে না পারলে তার রিটার্ন সেভাবে পাব না। অনেকেই বলে থাকেন যে, মিডিয়া জগতের কাজ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত। আমারও এক সময় এ ধারণা হতো। আসলে এ ধারণাটা ভুল। আমি এখন ক্যামেরার সামনে কাজ করছি। এক সময় ক্যামেরার পেছনে কাজ করবো। যেমন- কোরিওগ্রাফি, গ্রমিং, ডিরেকশন প্রভৃতি। এগুলো মডেলিংয়েরই অংশ। তখন আমার সামনে নতুনরা থাকবে। আমি ক্যামেরার পেছনে থেকে নতুনদের কাজ করাতে পারি। আসলে চাইলে মডেলিং আজীবন চলতে থাকবে। এর কোনো শেষ নেই।

বাংলাধারাঃ ভবিষ্যৎ পরিকল্পনা কী?

ওয়াসি খানঃ মডেলিং করে আমি ভালো অনুভব করি। চেষ্টায় আছি এগিয়ে যাওয়ার। ভালো কাজ করতে চাই। ভাল কাজ পেলে করবো। ইচ্ছা আছে নাটকের দিকে যাবার যদি ভালো কোন সুযোগ পাই। আর এ লক্ষ্যেই আমি কাজ চালিয়ে যাচ্ছি।

বাংলাধারাঃ সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে।

ওয়াসি খানঃ বাংলাধারাকেও অনেক ধন্যবাদ।

বাংলাধারা/এফএস/টিএম /ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ