৭ মার্চ ২০২৬

মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ শুরু আগামীকাল; চেয়ারম্যান নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

আগামীকাল রোববার (১ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’। মাসব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ পরিষদের চেয়ারম্যান করা হয় চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।

শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এবারের বিজয় মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ লিখিত বক্তব্য পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বদিউল আলম, জাহাঙ্গীর চৌধুরী, আবু তাহের, আহমদুর রহমান ছিদ্দিকী, মেলা পরিষদের যুগ্ম মহাসচিব চন্দন ধর ও মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে ইউনুছ জানান, ১ ডিসেম্বর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার সূচনা হবে। মেলার প্রধান পৃষ্ঠপোষক মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিউদ্দিনের সহধর্মিণী হাসিনা মহিউদ্দিন এতে বিশেষ অতিথি থাকবেন। মূলত এর মধ্য দিয়ে নগরীর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী পণ্যমেলার সূচনা হবে।

১০ ডিসেম্বর বিকেল তিনটায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে সাতদিনের ‘মুক্তিযুদ্ধে স্মৃতিচারণ’ অনুষ্ঠান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি থাকবেন। বিজয় মঞ্চে স্মৃতিচারণের পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

১৫ ডিসেম্বর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিজয় মঞ্চে নাগরিক শোকসভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টান মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

১৬ ডিসেম্বর সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বের হবে বিজয় র‌্যালি। এতে নেতৃত্ব দেবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিজয় মঞ্চের কার্যক্রম এবার সংক্ষিপ্ত করা হয়েছে জানিয়ে ইউনুছ বলেন, ‘আমরা মুজিববর্ষ উপলক্ষে সারাবছর বিভিন্ন কর্মসূচি পালন করব। বিজয় মেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন করা হয়। এরপর থেকে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ৭৪ সদস্যের কমিটি প্রতি বছর বিজয় মেলা আয়োজন করে আসছিল। পরে এই মেলা সারাদেশে ছড়িয়ে পড়ে। আমৃত্যুর বিজয় মেলা কমিটির চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন। ওই কমিটির প্রধান উপদেষ্টা পদে ছিলেন মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ