২২ অক্টোবর ২০২৬

মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই দুই বোটসহ আটক ২১

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামের দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, অভিযানকালে আটককৃত বোট দুটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারীসহ ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারীসহ ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়।

অভিযানে সর্বমোট ২১ জন পাচারকারীকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি, জব্দকৃত বোট ও উদ্ধার হওয়া সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন