মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে ৪ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৮ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ১৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো তথ্যমতে ১০ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়।
রোববার (২১ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীার ফলাফলে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে ৪ জন পুলিশ সদস্য। দুইজন জোরারগঞ্জ থানার বয়স যথাক্রমে ৪৫ ও ২২ বছর। দুইজন মিরসরাই থানার বয়স যথাক্রমে ৪২ ও ২৬ বছর। বাকী তিন জন ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩নং গজারিয়া ওয়ার্ডের হাসু মুহুরী বাড়ির বাসিন্দা। তারা দুইজন নারী ও একজন শিশু এবং বয়স যথাক্রমে ৩২, ২৭ ও ৮ বছর। অপর একজন ২৮ বছর বয়সের পুরুষ ও তিনি একজন চিকিৎসক, তার বাড়ি উপজেলার বারইয়ারহাটে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি টিম গত ১৫ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর গতকাল ২০ জুন রাতে ৮ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের চারজন পুলিশ সদস্য, একজন চিকিৎসক ও বাকী দুইজন একই বাড়ির নারী, একজন শিশু রয়েছে। আক্রান্ত সবাই ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন। তবে ‘করোনা পজিটিভ’ শনাক্ত হওয়ার পর সবাইকে “হোম আইসোলেশন” -এ থাকতে হবে, যদি শারিরীক অবস্থা বেশি খারাপ হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে জানান তিনি।
গত ১৮ এপ্রিল উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়। সর্বশেষ ১৭ জুন পর্যন্ত উপজেলায় ৩৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৩ জন। হাসপাতালে আইসোলেশনে আছেন ১১ জন। হোম কোয়ারান্টাইনে আছেন ১৪ জন। ১৭ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী।
এছাড়া উপজেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৩ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১৪৭ জনের। গত ১৪জুন চট্টগ্রাম সিভিল সার্জন এর কার্যালয় মিরসরাই উপজেলাকে সবুজ জোন হিসেবে ঘোষণা করেছে। এদিকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে উপজেলায় বাড়ছে রোগীর সংখ্যা।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












