২১ মার্চ ২০২৬

মিরসরাইয়ে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে আফজাল হোসেন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকার একটি পুকুরে মিলেছে অজ্ঞাত ব্যক্তির (৫৫) মরদেহ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) দুবৃত্তদের কোপের আঘাতে আহত আফজালের মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে। সে গ্রামের মিন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় মিন্টু মিয়া বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভূক্ত দুই আসামী নূর হোসেন ও শেখ ফরিদকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গত সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় ইসলামপুর গ্রাম থেকে আফজালকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ওইদিন দিবাগত রাতে এক কিলোমিটার দূরের পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চমেক হাসপাতালে ভর্তি করায়। পরদিন ভোরবেলায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

এদিকে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার নাগাদ স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয় ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামের একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। পুলিশ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে ময়নাতদন্তের জন্যে ওই ব্যক্তির মরদেহ চমেক মর্গে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজুল ইসলাম জানান, আফজাল হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার ইছাখালী ইউনিয়ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্যে চমেক মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরিরে কোন আঘাতে চিহ্ন দেখা যায়নি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ