২৬ মার্চ ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩ বসতঘর

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মজিবুল হকের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে বাড়ির মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয় নজর আলী ভূঁইয়া সড়কের মুখে সড়ক রক্ষার গেটবার থাকার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যেতে পারেনি। এতে তিনটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ঘটনার রাতে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে কিছু সময় বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন