১৭ মার্চ ২০২৬

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাই পৌর সদর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলমগীর হোসেন রানা (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলমগীর হোসেন উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন ভূঁইয়া বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছোট ছেলে। তিনি আলমগীর হাসান এন্টারপ্রাইজ নামের স্ট্যান্ডার্ড ট্রেডিং মবিল কোম্পানির ডিলারশিপ ব্যবসায় জড়িত ছিলেন। তার ৭ম শ্রেনীতে পড়ুয়া ছেলে আবির (১২) ও সদ্য স্কুলে ভর্তি হওয়া ইয়ামিন (৬) নামে দুটি সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ব্যবসায়ী আলমগীর তার মোটরসাইকেল নিয়ে মিরসরাই সদরের কোর্ট রোড থেকে মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা হাসপাতালে নিয়ে হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবায়ের খান তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আজিম বলেন, চার ভাই তিন বোনের মধ্যে আলমগীর সবার ছোট। ছোট ভাই মবিলের ডিলার ছিল। বিভিন্ন সময় এদিক ওদিক ব্যবসায়িক কাজে ছুটে যেতো। ভাইকে এভাবে হারাবো মানতে পারছি না। আমার দুই ভাতিজাকে এতিম করে চলে গেছে। অবুঝ সন্তানদের কি বলে সান্ত্বনা দিবো।

মিরসরাই থানার উপ-পরিদর্শক রাজিব তালুকদার জানান, দুর্ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যানটি চালকসহ আটক করেছি। সুরতহাল শেষে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু এটি হাইওয়ে পুলিশের অধীনে তাই লাশটি তাদের কাছে হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন