বাংলাধারা ডেস্ক »
মিররসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় ৩ গাড়ি চালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ মামলা দায়ের করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম।
মামলায় আসামিরা হলো- জোনাকী পরিবহন বাসের চালক, কাভ্যার্ড ভ্যানের চালক ও লরি চালক।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, তিন গাড়ি চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাই জোনাকী পরিবহন বাসের চালক, কাভ্যার্ড ভ্যানের চালক ও লরি চালককে আসামি করে এই মামলা করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের রায়পুর এলাকায় লরির পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী জোনাকী পরিবহনের একটি বাস।
এ সময় উভয় গাড়িচালকের মধ্যে বাগবিতণ্ডা চলাকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান সেখানে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের উত্তর গাড়িয়াইশ গ্রামের মো. শামসুদ্দীনের ছেলে শেখ ফরিদ (৩০) ও শেখ সুমন (২৫), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে মেহেদী (২২) ও আবুল কাশেম (৬০)।
এসময় আহত হন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা, রাকিবুল, আব্দুল আউল ও একজন প্রতিবন্ধীসহ ছয়জন। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর জোনাকী পরিবহনের বাস, লরি ও কাভার্ড ভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।












