২৬ মার্চ ২০২৬

মূসক আইন ও বিধিমালা এবং পোশাক শিল্প সম্পর্কিত উৎসে মূসক প্রদানের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে মূসক আইন ও বিধিমালা এবং পোশাক শিল্প সম্পর্কিত উৎসে মূসক প্রদানের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রবিবার(৩১ অক্টোবর)  বিকাল ০৪:৩০ টায় চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনের মাহাবুব আলী হলে মূসক আইন ও বিধিমালা এবং পোশাক শিল্প সম্পর্কিত উৎসে মূসক প্রদানের বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালকবৃন্দ সর্বজনাব এ.এম. শফিউল করিম (খোকন), এম. আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা (কায়সার), বিজিএমইএ ট্যাক্স এন্ড ভ্যাট স্থায়ী কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন পরিচালক জনাব সাইফ উল্ল্যাহ মনসুর, পোশাক শিল্পের মালিকবৃন্দ সহ বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানের ভ্যাট সম্পর্কিত সিঃ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন,  বিগত ২০২০ সাল থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দাবস্থায় বর্হিঃবিশ্বে তৈরী পোশাকের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে, কিন্তু দেশে পোশাক শিল্পের আভ্যন্তরিন নানাবিধ খরচ বৃদ্ধি পেয়ে পোশাক শিল্প প্রতিষ্ঠান সমূহ ক্রমাগত লোকসানের মধ্যেও কর্মসংস্থানের স্বার্থে কার্যক্রম পরিচালনা করছে। পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমে মূসক অব্যাহতি থাকলেও স্থানীয় ক্রয়ের বিপরীতে উৎসে মূসক কর কর্তন সম্পর্কে সঠিক ভাবে অবহিত না থাকার কারণে বিভিন্ন জটিলতার সম্মুখিন হতে হচ্ছে। পোশাক শিল্প সংশ্লিষ্ট সেবা খাতে উৎসে মূসক কর আদায়ে কার্যক্রম সহজীকরণ পূর্বক রপ্তানি খাতকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন বলেন,  জাতীয় আর্থ-সমাজিক উন্নয়ন সহ কর্মসংস্থানে পোশাক শিল্পের ভূমিকা প্রশংসা করে বর্তমান সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় পোশাক শিল্প সংশ্লিষ্ট উৎসে মূসক কর আদায়ে কার্যক্রম সহজীকরণ করা হবে। উৎসে মূসক কর কর্তন বিষয়ে পারস্পরিক যোগাযোগ ও সচেতনতা বৃদ্ধি সহ মূসক আইন ও বিধিমালা সম্পর্কে বিজিএমইএ’র সদস্যগণ সঠিক ভাবে অবহিত হওয়ার জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিজিএমইএ’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন,  জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবসা বান্ধব পলিসির কারণে বাংলাদেশের রপ্তানি খাত এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে ব্যবসায়ীদের ট্যাক্স ও ভ্যাট প্রদানের উপর তিনি গুরুত্বারোপ করেন।

মূসক আইন ও বিধিমালা এবং পোশাক শিল্প সম্পর্কিত উৎসে মূসক প্রদানের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কাস্টমস্্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম যুগ্ম কমিশনার জনাব মোঃ মুশফিকুর রহমান, উপ-কমিশনার জনাব সাইদ আহমেদ রুবেল সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত কর্মশালায় চট্টগ্রাম ৮০টি পোশাক শিল্প প্রতিষ্ঠানের ১০৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন