১৯ মার্চ ২০২৬

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের ভুজপুরের ইসলামাবাদ এলাকায় নিজের ১২ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আসামি মো. নেজাম উদ্দিন ভুজপুরের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

ট্রাইবুনালের পিপি খন্দকার আরিফুল আলম বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের মোট দু’টি ধারায় আসামির সাজা হয়েছে।

এর মধ্যে ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড । অপর ৯(৪) (খ) ধারায় আসামিকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।’  আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করে।

ট্রাইবুনাল সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ জুন বাড়িতে মা না থাকার সুযোগে নিজ মেয়েকে ধর্ষণ করেন মো. নেজাম উদ্দিন। পরে ঘটনা জানতে পারলে মেয়েটির মা নিজে বাদী হয়ে ভুজপুর থানায় স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৩০ অক্টোবর বাদীর অভিযোগ আমলে নিয়ে মো. সেলিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরবর্তীতে ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন