১৫ মার্চ ২০২৬

মেরিন ড্রাইভে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বেপরোয়া মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে ইমারত মোল্লা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (৭ জুন) বেলা ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল।

নিহত ইমারত মোল্লা ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। তিনি যশোরের আবদুস সাত্তারের ছেলে।

আহতরা হলেন—রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল এলাকার শাহাজাহান মিস্ত্রির ছেলে রিদুয়ান, হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা গুরা মিয়ার ছেলে মোহাম্মদ আকতার এবং জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকার ইজিবাইক চালক জয়নাল আবেদীন।

এসআই রেজাউল বলেন, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল ও ইজিবাইকের সামনের অংশ। এতে ৪ জন আহত হয়। ঘটনাস্থলে গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আরো একজনের অবস্থা আশংকাজনক।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন