১৩ মার্চ ২০২৬

মেরিন ড্রাইভ সবুজায়নে কউক’র এক লাখ চারা রোপন

কক্সবাজার প্রতিনিধি »

বিশ্বের দীর্ঘতম সৈকতের তীর ঘেঁষে তৈরি মেরিন ড্রাইভ সড়ক সবুজায়ন করে পর্যটন শিল্পের বিকাশে ফলজ-বনজ-ঔষধিসহ বিভিন্ন জাতের এক লাখ চারাগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

বুধবার (১০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কউক অধিক্ষেত্রের মেরিন ড্রাইভ সড়কের সমুদ্রের বিপরীত পাশে পাটুয়ারটেক এলাকার প্রায় ৭ কি.মি. রাস্তায় ১০ হাজার গাছ লাগানো হয়েছে।

গাছের চারা রোপণ উদ্বোধনকালে কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, পতিত স্থানে ফলজ-বনজ-ঔষধি গাছ লাগিয়ে সবুজায়ন সৃষ্টির নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও পুরো মেরিন ড্রাইভ পর্যটন বান্ধব করে গড়ে তুলতে এখানে এক লাখ চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। রোপিত চারা গাছগুলো এলাকা ভিত্তিক পরিচর্যার জন্যে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় পরিবেশ প্রেমী জনগোষ্ঠীকে দায়িত্ব দেয়া হয়।

কউক চেয়ারম্যান আরো বলেন, চারা পরিচর্যাকারী ছাত্রলীগসহ স্থানীয়দের সবরকম সহযোগিতা করা হবে। এছাড়াও তা কউকের আওতাধীন এলাকায় প্রশাসন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও জনপ্রতিনিধিসহ সকলকে সম্পৃক্ত করে বর্ষা মৌসুমে সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কউক মাননীয় প্রধানমন্ত্রীর যেকোন নির্দেশনা বাস্তবায়নে বদ্ধ পরিকর।

কউক চেয়ারম্যান ফোরকান আহমদ বলেন, সমুদ্র সৈকত এলাকায় জীববৈচিত্র্য রক্ষায় কয়েকটি স্থান নির্দিষ্ট করে সংরক্ষণে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। লাল কাঁকড়া, কাছিম, সমুদ্রলতা, ডলফিনের নিরব বিচরণ নির্বিঘ্ন করতে স্থানীয় জনসাধারণ ও পর্যটক চলাচল বারিত করা হয়েছে। সৈকতকে ঘিরে বনবিভাগ নেয়া পরিকল্পনা গুলো বাদ দিয়ে বাকী স্থানে তাদের সাথে সমন্বয় করে ঝাউ ও অন্যান্য গাছ লাগানো হবে।

বৃক্ষরোপণ উদ্বোধনীতে বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবেশ প্রেমীরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ