চট্টগ্রামে আগামী ৩০ জানুয়ারি চালু হচ্ছে সর্বাধুনিক শপিং মল ‘মেরিডিয়ান কোহিনূর সিটি’। নগরীর প্রাণকেন্দ্র দামপাড়ায় অবস্থিত এই মলটি চট্টগ্রামবাসীর কেনাকাটা, বিনোদন ও অবসরযাপনের নতুন গন্তব্য হিসেবে যাত্রা শুরু করবে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। তারা জানান, ‘শপ. ফান. রিলাক্স’ স্লোগান সামনে রেখে মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট হিসেবে নির্মিত এই এক্সপেরিয়েন্স মলে আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।
মলটিতে ডাবল অ্যাট্রিয়াম, এস্কেলেটর, লিফট, পর্যাপ্ত পার্কিং, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন সুবিধা রাখা হয়েছে। একই ছাদের নিচে দেশি-বিদেশি ব্র্যান্ডের শোরুম, কিডস প্লে-জোন ‘বাবুল্যান্ড’, সিঙ্গাপুরভিত্তিক ‘মোস্তফা মার্ট’ এবং আন্তর্জাতিক মানের ফুডকোর্ট থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।













