১৪ মার্চ ২০২৬

মেয়েকে নিয়ে একসঙ্গে যুক্তরাষ্ট্রে তাহসান-মিথিলা

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি ছিল তাহসান-মিথিলা। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান।

কিন্তু ২০১৭ সালের ২০শে জুলাই হঠাৎ করেই কোন কারণ না জানিয়ে ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে দেন তাহসান-মিথিলা। তারপর থেকে দুইজন এই বিবাহবিচ্ছেদ ও নিজেদের বর্তমান সম্পর্ক নিয়ে গণমাধ্যমে তেমন কোন মন্তব্য করতে আগ্রহ প্রকাশ করেন না।

তবে দুজনে মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের বাঁধনে রয়ে গেছে। এবার জানা গেল, এই সাবেক দম্পতি নিজেদের একমাত্র মেয়ে আইরা তাহরিম খানকে নিয়ে একসঙ্গে নিউইয়র্কে ঘুরছেন।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আবারও হয়তো দুই তারকার সংসার জোড়া লাগবে। অনেকে অভিনন্দনও জানাচ্ছেন তাহসান-মিথিলাকে।

আদতে তেমন কিছু হবে কি না সেটা বলা মুশকিল। খোঁজ নিয়ে জানা গেল, শোবিজের এই প্রাক্তন দম্পতি একমাত্র মেয়ে আয়রাকে সময় দিতেই এক হয়েছেন। মেয়ে একসঙ্গে বাবা-মাকে পায় না অনেকদিন। এ নিয়ে তার মনে অনেক প্রশ্ন ও চাপা যাতনা। মেয়ের মনকে শান্ত করতে, বাবা মায়ের বিচ্ছেদ যেন মেয়েকে প্রভাবিত না করে সেজন্যই এক হলেন তাহসান-মিথিলা। পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। ঘুরে বেড়াচ্ছেন সুন্দর স্থানগুলোতে।

দুই তারকার ইনস্টাগ্রামে মিলেছে তারই প্রমাণ। তাহসান ও মিথিলা দুজন পৃথকভাবে মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র ভ্রমণের মাধ্যমে মেয়ে আয়রার সূত্র ধরে আবারও সম্পর্কটাকে এক সূতোয় বেঁধে নেবেন তাহসান-মিথিলা এমন প্রত্যাশা করছেন তার ভক্তরা।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ