বাংলাধারা প্রতিবেদন »
স্মার্ট ডিজিটাল পুলিশিং সেবার অংশ হিসেবে এসএমএস ভিত্তিক তথ্য সেবা ‘সিএমপি বন্ধন’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) । এখন ঘরে বসেই মামলা বা জিডি সম্পর্কে সকল তথ্য জানতে পারবে সেবাপ্রার্থীরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এই সেবার উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি কমিশনার জানান, মুজিববর্ষে জনবান্ধব, স্মার্ট ডিজিটাল পুলিশিং সেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী এই এসএমএস (ক্ষুদে বার্তা) প্রথা চালু করেছে সিএমপি। নিজস্ব অর্থায়নেই পহেলা জানুয়ারী থেকে এই সেবা কার্যক্রম শুরু হবে। যার নামকরন করা হয়েছে ‘সিএমপি বন্ধন’।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে সালেহ মোহাম্মদ তানভীর এই সেবা সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি বলেন, আগে মামলা অথবা জিডি করার পর সে বিষয়ে জানতে বাদীকে থানায় আসতে হতো। এছাড়াও অপেক্ষা করতে হতো তদন্ত কর্মকর্তার নাম ও যোগাযোগের নম্বর জানতে। তবে এখন থেকে এসব ভোগান্তি দূর করতে থানায় এসএমএস ভিত্তিক তথ্য সেবা চালু হয়েছে। তাই এসবের জন্য বাদীকে আর থানায় আসতে হবে না। ঘরে বসেই মামলা বা জিডি সম্পর্কে সকল তথ্য জানতে পারবে সেবাপ্রার্থীরা।
সংবাদ সম্মেলন করে সালেহ মোহাম্মদ তানভীর আরও বলেন, এখন থেকে সেবা প্রত্যাশীদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা বা জিডি রেকর্ড হওয়ার সাথে সাথেই সয়ংক্রিয়ভাবে ‘সিএমপি বন্ধন’ আইডি থেকে সংশ্লিষ্ট আইনের ধারাসহ মামলা বা জিডি নম্বর, তদন্তকারী অফিসারের নাম, তদন্তকারী অফিসারের নাম ও যোগাযোগের নম্বর বাদীর সেলফোনে, একই সাথে বাদীর নম্বর ও যোগাযোগের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য তদন্তকারী কর্মকর্তার সেল ফোনে সয়ংক্রিয়ভাবে চলে যাবে ।
কোনো কারণে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলে সেক্ষেত্রে একইভাবে বাদী ও নতুন তদন্তকারী কর্মকর্তার সেল ফোনে সয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে। মামলার তদন্ত শেষে গৃহীত ব্যবস্থার বিবরণ চার্জশীট, ফাইনাল রিপোর্ট নম্বর, তারিখ এবং ধারা সম্পর্কে এসএমএসের মাধ্যমে বাদীকে জানানো হবে।
আমরা এই কার্যক্রমগুলোতে স্বচ্ছতা আনতে চাই। অনেক সময় সেবা গ্রহীতারা হয়রানির অভিয়োগ তুলেন। তাই সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা হয়েছে এতে প্রয়োজনীয় ডাটাসমূহ এন্ট্রি করার সাথে সাথে বাদী ও তদন্তকারী অফিসারের মোবাইল ফোন এবং জোনাল এসি অফিস এবং উর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত মনিটরিং সার্ভারে চলে যাবে। ফলে সেবা প্রাপ্তি সহজ হয়ে যাবে বলে উল্লেখ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
বাংলাধারা/এফএস/এইচএফ












