১৯ মার্চ ২০২৬

‘যত টাকাই লাগুক করোনার ভ্যাকসিন নিয়ে আসা হবে এবং সবাই পাবে’

বাংলাধারা ডেস্ক »

সরকার সবার জন্যই করোনা ভাইরাসের টিকা নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অসহায় মানুষকে আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রোববার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

টিকা নেওয়া সত্ত্বেও মাস্ক পরার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেদের পাশাপাশি অন্যদেরও সুরক্ষায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সামনে করোনার টিকা আরও আসবে। যত টাকাই লাগুক করোনার ভ্যাকসিন নিয়ে আসা হবে এবং সবাই পাবে।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘সরকার কাজ শুরু করার পর যেসব বুদ্ধিজীবী পরামর্শ দেন তারা কোথায়, কয়জনকে সহযোগিতা করেছেন? অথচ অতীতের মতো করোনা দুর্যোগেও মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে সমাজের বিত্তবানদের মহামারিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘তাৎক্ষণিকভাবে কোথাও কোনো সহায়তার প্রয়োজন হলে যাতে সেটা করা যায়, সেজন্য জেলা প্রশাসকদের অনুকূলেও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধীদলে থাকা অবস্থাতেও মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। তবে বুদ্ধিজীবীদের পরামর্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায়, যখন সব সিদ্ধান্ত বা কাজ সরকার সম্পন্ন করে ফেলে।’

সরকারপ্রধান বলেন, ‘গতবছরের মতো এবারো করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এবার আড়াই হাজার টাকা করে ৯০০ কোটি টাকা দেওয়া হচ্ছে ভোলা, জয়পুরহাট এবং চট্টগ্রামের ৩৬ লাখ পরিবারকে। তিন দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে ওই টাকা পৌঁছে যাবে সবার কাছে।’   

প্রধানমন্ত্রী বলেন, ‘যতদিন করোনা থাকবে ততোদিন এ সহযোগিতা অব্যাহত রাখা হবে। যারা বিরোধী দল বলে নিজেদের ভাবছে, এই দুযোগে তারা কোথায়? কয় জনকে সহযোগিতা করেছে?’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন