যমুনা অয়েল কোম্পানির আলোচিত তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল। তবে বরখাস্তকৃত তিন কর্মচারীর দুই জন বর্তমানে কারাবন্দি। আরেকজন ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ গণমাধ্যমকে জানান, তিন কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার কোম্পানি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মো. আবুল হোসেন যমুনার লেবার ইউনিয়নের সভাপতি। সাত মাস আগে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। দুই মাস আগে গ্রেপ্তার হন মো. এয়াকুব। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত জয়নাল আবেদীন।
নাম প্রকাশে অনিচ্ছুক যমুনার এক কর্মকর্তা বলেন, থানা ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় আবুল হোসেন কারাগারে আছেন। জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হন এয়াকুব। বিধি অনুযায়ী তাঁদের বরখাস্ত করা হয়েছে। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় জয়নাল আবেদীনকেও সাময়িক বরখাস্ত করা হয়।













