চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসনে এটিই প্রথম বড় পদোন্নতি, যেখানে উপসচিব থেকে যুগ্মসচিব পদে মোট ১৭২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় দেশের ১০ জন জেলা প্রশাসক রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাও রয়েছেন।
জনপ্রশাসনে জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে দায়িত্ব দেওয়া হয়। পদোন্নতির পর সংশ্লিষ্ট কর্মকর্তারা যুগ্মসচিব পদমর্যাদা লাভ করবেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য আলোচনায় ছিলেন। তাঁর পদোন্নতির খবরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে পদোন্নতির প্রজ্ঞাপন প্রকাশের পর জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এবারের পদোন্নতির তালিকায় আরও রয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারও উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন।














