বাংলাধারা প্রতিবেদন »
আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেয়েছেন ৯ নেতা। এদের মধ্যে ৮ জন যুবলীগের মূল কমিটিতে এবং অপরজন কেন্দ্রীয় কমিটির সিসি মেম্বার হিসেবে স্থান পেয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রামের পটিয়ার সন্তান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক রাসেল নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি চট্টগ্রামের আনোয়ারার সন্তান।
কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আদিত্য নন্দী।তিনি চট্টগ্রামের হাটহাজারীর সন্তান।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কৃষি ও সমবায় সম্পাদক মীর মো. মহিউদ্দিন নতুন কমিটিতে পেয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদকের পদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও সাতকানিয়া পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু যুবলীগের নতুন কমিটিতে সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের সন্তান মো. আব্দুর রহমান। এছাড়া চট্টগ্রামের সন্তান কায়কোবাদ ওসমান ও প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া নির্বাহী সদস্য পদ পেয়েছেন।
এছাড়া মিরসরাইয়ের সন্তান নিয়াজ মোর্শেদ এলিট, কেন্দ্রীয় যুবলীগের সিসি মেম্বার হিসেবে মনোনীত হয়েছেন।
বাংলাধারা/এফএস/এআর












