বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চসিকের মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামীলীগ। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চসিক নির্বাচনে মনোনয়ন পাওয়া মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী রাজনীতিতে পোড় খাওয়া নেতা হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আশির দশকে আওয়ামীলীগে বিভক্তির পর তিনি আবদুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশালে যোগ দেন। তবে বাকশাল বিলুপ্তির পর তিনি আবার আওয়ামীলীগের রাজনীতিতে ফিরে আসেন।
রেজাউল করিম চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পূর্ব পুরুষের নামেই বিখ্যাত ‘বহদ্দারহাট’ নামকরণ হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম আওয়ামীলীগের রাজনীতিতে তার নিজস্ব কোন বলয় নেই। তবে তিনি প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন। এর আগেও তিনি সংসদ নির্বাচন গুলোতে দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু পাননি। সবশেষ (চট্টগ্রাম-৮) আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন চেয়েও পান নি। এমনকি চসিক নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ও তিনি আলোচনায় ছিলেন না। রেজাউল করিমকে চসিকের মেয়রপদে মনোনয়ন দেওয়াটা আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার চমক হিসেবেই দেখছেন স্থানীয়রা।
চসিক নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউল করিম চৌধুরী বলেন, রাজনৈতিক জীবনের শেষপ্রান্তে এসে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি চট্টগ্রামবাসীর কাছেও কৃতজ্ঞ। আমি দীর্ঘসময় প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাজনীতি করেছি। রাজনৈতিক জীবনে আমি কখনও আদর্শবিচ্যুত হই নি। আমি সবার সহযোগিতা নিয়ে নির্বাচনে জয়ী হয়ে চট্টগ্রামবাসীর সেবা করতে চাই। চট্টগ্রামবাসীর জন্য আমি জীবন উৎসর্গ করব।
বাংলাধারা/এফএস/টিএম












