চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আলোচিত শীর্ষ সন্ত্রাসী আকতারকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে আকতারের কাছ থেকে একটি দেশীয় শটগান (এলজি), একটি বিদেশি রিভলবার, হাতলসহ একটি চাইনিজ কুড়াল, একটি হাতলবিহীন চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি গুলি অপসারণ স্টিক, চারটি পটকা, একটি টর্চার চাবুক এবং নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় ও রাজনৈতিক সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনীর ছেলে মোহাম্মদ আকতার তার মায়ের ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন। বিভিন্ন সময় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে জায়গা দখল, মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংক্রান্ত ১০টিরও বেশি মামলা রয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, সেনাবাহিনী এবং কর্ণফুলী থানা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আকতারকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।













