৩০ মার্চ ২০২৬

রকি বড়ুয়াসহ ৮ জনের বিরুদ্ধে র‍্যাবের মামলা দায়ের

বাংলাধারা প্রতিবেদন »  

কারাবন্দি দেলোয়ার হোসেন সাইদীকে মুক্ত করার জন্য তার পুত্র মাসুদ সাইদী ও সাইদী সমর্থক ইসলামী বক্তা তারেক মনোয়ারকে সাথে নিয়ে লোহাগাড়ায় বৈঠক করেন রকি বড়ুয়া। বিষয়টি জানাজানি হলে গত ১২ মে পাঁচলাইশ থানাধীন মোবারক রোডে অভিযান চালিয়ে রকি বড়ুয়াসহ ৭ জনকে গ্রেফতার করে র‍্যাব-৭। সন্ত্রাস বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে লোহাগাড়ার রকি বড়ুয়াসহ ৮ জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ৪ টি মামলা দায়ের করেছে র‌্যাব।  

বুধবার (১৩ মে) সকালে র‌্যাব-৭ এর পরিদর্শক মো. রুপ মিয়া বাদি হয়ে মামলাগুলো করেন।

মামলার আসামিরা হলো- লোহাগাড়ার রকি বড়ুয়া (৪০), সফিউল আজম শহিদ (৪০), সাতকানিয়ার সগির আহমদ চৌধুরী (৪০), রাঙ্গুনিয়ার রুবেল বড়ুয়া নয়ন (২৭), ফেনীর সাইফুল ইসলাম প্রকাশ নয়ন (৩৮), লোহাগাড়ার নারায়ন মল্লিক (৩৪), নারায়ণগঞ্জের শাহরিনা ইসলাম প্রিয়া প্রকাশ আমেনা (২৪) ও সিরাজ (৩০)।

এদের মধ্যে সিরাজ পলাতক রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, সন্ত্রাস বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে গ্রেফতার রকি বড়ুয়াসহ ৭ জনকে পাঁচলাইশ থানায় হাজির করে ৪ টি মামলা দায়ের করে র‌্যাব ৭। মামলাগুলো আমলে নেয়া হয়েছে। রকি বড়ুয়া ছাড়া বাকিদের আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রকি বড়ুয়া চিকিৎসাধীন রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন