রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটি বড়দমে নির্মাণাধীন ব্রিজ ভেঙে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরো ১৭ জন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় রাঙামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় ব্রিজের স্পেন ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মো. রফিক (৩২) রাঙামাটি শহরের ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো এবং তার নিজ বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার হলদাকান্দা এলাকায় বলে জানা গেছে।
আহতরা জানান, বৃহস্পতিবার সকালে বড়াদম এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মাধীন ব্রিজটিতে ঢালাইয়ের কাজ শুরু হয়। এতে ৬০ থেকে ৭০ জন শ্রমিক ঢালাইয়ের কাজে অংশগ্রহণ করে। সকাল ১০ টার দিকে আকস্মিকভাবে ব্রিজের নতুনভাবে ঢালাই দেওয়া স্পেন ভেঙে শ্রমিক নিয়ে পড়ে যায়। এসময় অন্তত ২৫ থেকে ৩০ জন শ্রমিক কমবেশি আহত হন। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মো. রফিককে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে সর্বমোট ১৮ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এসময় মো. রফিক মারা যায় এবং বাকি ১৭ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।












