রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ড এলাকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়া আগুনে একশো ফুট লম্বা একটি বসতভিটা সম্পূর্ন পুড়ে গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। উন্নয়ন বোর্ড মসজিদ সংলগ্ন বসতঘরটি সাবেক ইঞ্জিনিয়ার মৃত: মোখলেছুর রহমানের বলে জানা গেছে।
আগুনে ১০০ ফিট লম্বার ও ৩০ ফিট প্রস্থের ঘরটির নয়টি রুম সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, বসত ঘরের রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন ঘরের চারিপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে দমকল বাহিনীর সদস্যরা এগিয়ে আসলেও পানির সংকটের কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রায় সোয়া এক ঘন্টাব্যাপী আগুনে উক্ত বসতঘরের নয়টি রুম সম্পূর্নরূপে পুড়ে যায়। এতে করে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি জানিয়েছে।
রাঙামাটি ফায়ার স্টেশন অফিসার উদয়ন চাকমা জানিয়েছেন, গ্যাসের সিলিন্ডার থেকেই মূলতঃ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা চট্টগ্রামে চিকিৎসা নিতে যাওয়ায় বাড়িটির মালিক মৃতঃ মোখলেছুর রহমানের স্ত্রী ষাটোর্দ্ধ বৃদ্ধা রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












