রাঙামাটি প্রতিনিধি »
চাঁদা না পেয়ে প্রকাশ্য দিবালোকে অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে রাঙামাটি শহরের উপকণ্ঠে আসামবস্তি কাপ্তাই সড়কে দিনদুপুরে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
ঘটনার আধঘণ্টা পর খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।
গাড়িটির চালক কামাল হোসেন জানান, যাত্রী নিয়ে আসামবস্তি থেকে কাপ্তাই যাওয়ার সময় আগর বাগান এলাকায় পৌঁছলে সশস্ত্র তিনজন সন্ত্রাসী রাস্তায় দাঁড়িয়ে গাড়ির গতিরোধ করে এসময় তারা জেএসএস’র টোকেন দেখতে বলে। চালক টোকেন নাই জানিয়ে এক হাজার টাকা দিতে চাইলেও সেটি গ্রহণ না করে চালককে প্রচণ্ড মারধর করে অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা জেএসএস’র সন্ত্রাসীদের গ্রেফতার, জ্বালিয়ে দেওয়া অটোরিকশার ক্ষতিপূরণ ও চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
এর আগে গত ২ সেপ্টেম্বর শুক্রবার এই একই আসামবস্তী কাপ্তাই সড়কের বড় আদমের তঞ্চঙ্গ্যা পাড়ায় জেএসএস’র সহকারী কমান্ডার বিপ্লব চাকমা এবং কালেক্টর রিটন চাকমার নেতৃত্বে আনুমানিক ১০ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ চাঁদা পরিশোধ না করায় ৬টি সিএনজি অটোরিকশা এবং ১টি পাথর বোঝাই ট্রাক আটক করে। পরে সেনাবাহিনীর দুইটি টহল দল ঘটনাস্থলে গমন করে সিএনজি অটোরিকশাগুলো উদ্ধার করে।
এদিকে দিনেদুপুরে প্রকাশ্য দিবালোকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় রাঙামাটির সর্বত্রই গাড়ি চালকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।












