চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা কদমতলী চারা বটতল তক্তার পুল এলাকায়।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক হাফেজ আবু সুফিয়ান আরমান (১৮) এবং আরোহী আকিব হোসেন (১৬)। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পার্কভিউ হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী কাপ্তাই থেকে ছেড়ে আসা দ্রুতগতির শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ভ ১৪-৪৪০২) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরমানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরোহী আকিব।
নিহত আবু সুফিয়ান আরমান রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল ৭ নম্বর ওয়ার্ডের মো. কামাল উদ্দিনের ছেলে। অপরদিকে আকিব হোসেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার ওসমান গনীর সন্তান।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার এবং আহতকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুই তরুণের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।












