বাংলাধারা প্রতিবেদন »
রাঙ্গুনিয়ার ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের হামলায় পুলিশের এক তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও পলাতক আসামি মো. ওসমান (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রাঙ্গুনিয়ার ওসমান বাহিনীর প্রধান মো. ওসমান। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ওসমানকে পুলিশি পাহারায় রেখেছে।
শনিবার (৩১ আগস্ট) ভোরে এ হামলার ঘটনা ঘটে। ওসমান রাঙ্গুনিয়ার মধ্যম সরফভাটা এলাকার আবুল কালামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বাংলাধারাকে বলেন, কোমরে গুলিবিদ্ধ হয়ে ওসমান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে পলাতক সন্ত্রাসী মো. ওসমান। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ খবর পেয়ে তাকে পাহারায় রেখেছে। সুস্থ হলে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ওসমান একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












