১৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় এসিডে ঝলসে দেওয়া সেই ইয়াছমিন আর নেই

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাঙ্গুনিয়া উপজেলায় সিএনজি চালক-প্রেমিকের ছুঁড়া এসিডে দগ্ধ তরুণী ইয়াছমিন আকতার (২০)। নিহত ইয়াছমিন আকতার উপজেলার বেতাগী ইউনিয়নের ডিঙ্গললোঙ্গো এলাকার আবুল বাশারের মেয়ে।

শনিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আবু তাহের।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মিলকী বলেন, ‘নারী ও শিশু আইনে মামলা করা হয়েছে কথিত প্রেমিক নুরুল আজিমের বিরুদ্ধে। আগামীকাল (রোববার) সকালে ওই তরুণীর ময়নাতদন্ত করে বাড়িতে নিয়ে আসা হবে।’

জানা যায়, বুধবার (৪ মে) গভীর রাতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এই তরুণীকে এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে তার প্রেমিক। বিবাহিত ওই যুবক বিয়ের কথা গোপন করে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানার পর তরুণীকে দেওয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ ওই যুবক তাকে এসিড ছুঁড়ে মারে। ওই সময় তরুণীকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

এদিকে ঘটনার দিন রাত তিনটায় ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু শুনে অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা এলাকা থেকে অভিযুক্ত আজিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ইয়াছমিন আকতারের ভাই আবু তাহের বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন