১৩ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু, পাবে সাড়ে ১৩ হাজার পরিবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় প্রথম দফায় আজ রোববার (২০ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেখানে ফ্যামেলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলায় ১৩ হাজার ৬২৪ জন সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে কার্ডধারীরা।

আজ রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার পোমরা মালিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পণ্য নিচ্ছেন উপকারভোগীরা। এসময় তারা ফ্যামেলি কার্ড দেখিয়ে এসব পণ্য নিতে দেখা গেছে। অন্যদিকে মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস ও উপজেলা প্রকল্প কর্মকর্তা বাবুল কান্তি চাকমা।

কথা হয় পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টিসিবি’র পণ্য গ্রহীতা মো. কুতুব উদ্দিনের সাথে। তিনি বলেন, খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে কম দামে সরকারি পণ্য পেয়েছি। খুব ভাল লাগলো। সরকার ও প্রশাসনকে ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খান নুরুল ইসলাম, পোমরা ইউনিয়ন টিসিবি ট্যাগ কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. আবদুল খালেক, পোমরা ইউনিয়ন সচিব মো. এনামুক হক, রাঙ্গুনিয়া টিসিবির পরিবেশক মো. জমির উদ্দিন, পোমরা ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদ, আব্দুস সবুর, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ আকতার।

পবিত্র রমজান উপলক্ষে সরকারের বিশেষ উদ্যোগে ১ কোটি নির্দিষ্ট উপকারভোগীদের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল বিক্রয় শুরু হয়েছে। উপজেলা পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের জন্য ভবানী মিলস স্পটে ৪৫১ পরিবার এবং পোমরা ইউনিয়নের শান্তিরহাট (ইউনিয়ন পরিষদ), গোচরাহাট ও মালিরহাট স্পটে ১ হাজার ২৪ পরিবার উপকারভোগীর কাছে এই পণ্য বিক্রয়ের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য ওয়ার্ডস ও সকল ইউনিয়নে পণ্য বিক্রয় হবে।

প্রতি কার্ডধারী তার কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল টিসিবি নির্ধারিত মূল্যে কিনতে পারবেন। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফায় এসব পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য পাবে রোজার মাঝামাঝি সময়ে।

পোমরা ইউপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আখতারুজ্জামান আজাদ বলেন, ‘সরকার রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য দিচ্ছেন। উপজেলা প্রশাসনের দিক-নির্দেশনা বরাবর যাতে প্রকৃতি গরীবরা এই পণ্য পায় আমরা সেভাবে কাজ করছি।’

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস জানান, উপকারভোগীরা যাতে সঠিক ওজনে মালামাল পান সেলক্ষ্যে কঠোর মনিটরিং এর মাধ্যমে প্যাকেজিং করা হয়েছে। আশা করা যায় এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ পবিত্র রমজান মাসে কিছুটা স্বস্তি পাবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘এক কোটি পরিবারের’ এসব মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ (টিসিবি)। এ তালিকা করা হয়েছে করোনাভাইরাস মহামারিকালীন নগদ সহায়তা পাওয়া ৩০ লাখ পরিবারের সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যার দারিদ্রতার সূচক, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জেলা, উপজেলা, ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে। গত শুক্রবার বিকালে রাজধানীর টিসিবি ভবনে রমজান উপলক্ষে নিম্ন আয়ের ‘এক কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ