বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলায় করোনার এ মহাসংকটে অসহায় দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়।
রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এসময় এনএনকে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মাস্টার আবদুর রউফ, জসিম উদ্দিন তালুকদার, কাউছার নুর লিটন, কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রমূখ।
এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা ও সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুর রউফ জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়ার ৫০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে।
রাঙ্গুনিয়ার দরিদ্র, দিনমজুর ও কর্মহীন অসহায় মানুষের জন্য তথ্যমন্ত্রীর এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান মাস্টার আবদুর রউফ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













