২৫ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় দোকানের থালা ভেঙে দুর্ধর্ষ চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় গোচরা চৌমুহনী বাজারে রাতে দোকান ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

উপজেলার গোচরা চৌমুহনী বাজারের হাজীপাড়া রোডের চুরি হওয়া মোবাইল মিডিয়া এন্ড পিন্টার্স- এর স্বত্ত্বাধিকারী মো. সৈয়দ নোমান উদ্দিন জানান, তার দোকানের তালা ভেঙে একটি এমআই, একটি স্যামসাং এ-৫১ সহ মোট ১০টি স্মার্টফোন, দুইটি ল্যাপটপ, একটি ডেক্সটপ, দুইটি ট্যাব মোবাইল ও বিভিন্ন কাস্টমারের সার্ভিসিংয়ের জন্য দেয়া বিভিন্ন কোম্পানির ডিভাইস, পাওয়ার ব্যাংক ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ‘বাজারে সিসি ক্যামরা ও নৈশ প্রহরী থাকতে কিভাবে তালা ভেঙে দোকানের মালামাল চুরি হয়— বলে তিনি প্রশ্ন রাখেন। নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ করেছি, পুলিশ পরে আসবে বলেছেন।’

এছাড়াও এই বাজারে আগেও বেশ কয়েকটি দোকান চুরির হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিকার মিলেনি বলে জানান ব্যবসায়ীরা।

গোচরা বাজার ব্যবসায়ীরা বলেন, আশঙ্কাজনক হারে দোকানে চুরির ঘটনা ঘটছে। তিনি পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের কাছে নৈশ প্রহরীর টহল বাড়ানোর দাবি জানান।

গোচরা চৌমুহনী কল্যাণ সমিতির সভাপতি আমির হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। সিসি ক্যামরা দেখে চোর শনাক্ত করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ব্যবসায়ীর নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে টহল বাড়াতে হবে। তাই পুলিশের সহযোগিতা কামনা করছি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী জানান, বিষয়টি আমি জানতাম না। আপনার কাছ থেকে শুনলাম। অভিযোগ করা হলে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য পুলিশ পাঠাচ্ছি।

আরও পড়ুন