১৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী ইউসুফ আলীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত প্রবাসী মো. ইউসুফ আলীর (৪৫) ১১ দিন পর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। পরে একইদিন রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা একই ইউনিয়নের বগাবিলী গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (৩২) ও মৃত তোফায়েল আহমদের ছেলে আবু বক্কর (৪৮)। পরেরদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ আলী উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলী গ্রামের আবদুল হাকিমের ছেলে, স্থানীয় ইউপি সদস্য এবং রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়বের বড় ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, গেল নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর থেকে আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রবাসী শফিউল, সিএনজি চালক হৃদয় সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এই বিষয়ে থানায় মামলা দায়ের করি। এবার তাদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে আমার বড় ভাই ইউসুফের। যিনি মাত্র কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি নগরীর পার্কভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘মামলার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।’

আরও পড়ুন