রাঙ্গুনিয়া প্রতিনিধি»
রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম চৌধুরীকে সভাপতি, মোহাম্মদ সেলিমকে পুনরায় সাধারণ সম্পাদক ও মোহাম্মদ এনামুল হককে সহসভাপতি করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (৩ এপ্রিল) দুপুর ১২ টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সামশুল আলম তালুকদার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আংশিক কমিটিকে ১৫ (পনের) দিনের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ শাখা বরাবর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এর আগে প্রায় ৮ বছর পর গত ২৯ই মার্চ (মঙ্গলবার) পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জন মোট ১০ জন নেতাকর্মী ফরম জমা দিয়েছিলেন।
পৌরসভা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করে। আমার বাবা প্রয়াত বর্ষীয়ান নেতা আলহাজ্ব খলিলুল রহমান চৌধুরীর সাথে পৌর এলাকার প্রতিটি ঘরে ঘরে আমার যাওয়া হয়েছে। আমার পরিবারকে পৌরসভার সর্বসাধারণই ভালবাসে। এই পৌরসভার মানুষকেও আমি অনেক ভালবাসি। তাদের জন্য কাজ করে যাব।












