বাংলাধারা ডেস্ক »
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এখনও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত চলবে আগামী রোববার পর্যন্ত। এতে রাত ও দিনের তাপমাত্রা কমে আসবে।
যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া, চলতি মাসের মাঝামাঝি ও শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ।বাড়বে শীতের তীব্রতা। ঢাকায় যা মাঝারি আকারে হতে পারে।
এদিকে, বৃহস্পতিবার(২ ডিসেম্বর) মধ্যরাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। শুক্রবার(৩ জানুয়ারি) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায়। ফলে বন্ধের দিন হলেও বিপাকে পড়েন কাজে বের হওয়া রাজধানীর বাসিন্দারা।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্রপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












