বিনোদন ডেস্ক »
ভারতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার সম্পর্কে বিতর্কিত পোস্ট করার অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতালেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত মারাঠি সিরিয়ালে অভিনয় করেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অ্যাডভোকেট নীতিন ভাবের একটি কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন কেতকী চিতালে। সেখানে শরদ পাওয়ারের স্বাস্থ্য সম্পর্কে কটাক্ষ করা হয়েছে। এরপরই কালওয়া থানায় টিভি এবং সিনেমা জগতের জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।
মামলাটি থানে থানায় পাঠানোর পরই তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অ্যাডভোকেটের খোঁজে চলছে তল্লাশি। সূত্রের খবর এই পোস্টটি হওয়ার পরেই স্বপ্নিল নেটাকে নামে এক বাসিন্দা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
সোশ্যাল মিডিয়ায় এমনিতেই সক্রিয় কেতকী। নেটিজেনদের প্রশংসাও পান তিনি। কিন্তু বর্তমানে তিনি ব্যাপক সমালোচিত হচ্ছেন নেট পাড়ায়।
জানা গেছে, শুক্রবার মারাঠি ভাষায় একটি ফেসবুক পোস্ট করেন এই অভিনেত্রী। তবে তার পোস্টে সরাসরি শরদ পাওয়ার কিংবা উদ্ধব ঠাকরের কোনো উল্লেখ নেই। যদিও, পাওয়ারের পদবি এবং ৮০ বছর বয়সের কথা বলা হয়েছিল ওই পোস্টে। জনৈক পাওয়ারকে উল্লেখ করে অভিনেত্রী লিখেছিলেন, ‘…নরক আপনার অপেক্ষায়।’ আর এই কারণেই দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধা হয়নি নেটিজেনদের।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুক পোস্টের জেরে দুই রাজনৈতিক দলের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে রাজ্যের পরিস্থিতি জটিল হতে পারে। সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে নওপাড়া পুলিশ স্টেশনে নিখিল ভামরে নামে অপর এক বাসিন্দার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আবার শরদ পাওয়ারকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, এবার নাথুরাম গডসের জন্ম হওয়া দরকার। তার বিরুদ্ধে এনসিপির থানের সভাপতি একটি অভিযোগ দায়ের করেছেন।
নওপাড়া থানা সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি নাসিকে। সেখানে তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। এদিকে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এনসিপির মন্ত্রী জিতেন্দ্র আওহাদ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।












