১৭ মার্চ ২০২৬

রাত পোহালেই খাগড়াছড়ির ৫ ইউপিতে ভোট

খাগড়াছড়ি প্রতিনিধি »

রাত পোহলেই খাগড়াছড়ির পানছড়ির ৫ ইউনিয়নের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার দুপুর ২টা থেকে নির্বাচন সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালট পেপার, বক্স, সিলসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে যাত্রা শুরু করেছেন।

পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা জানান, পানছড়ির সদর, লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৯৯৯ জন। ৫ ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ৪৬টি। মহিলা ও পুরুষ ভোটার সংখ্যা সমান।

নির্বাচন অফিস সূত্র জানায়, পানছড়ির ৫ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ৫ জন চেয়াম্যান প্রার্থীসহ এই পদে ২৪ জন প্রার্থী প্রতিন্দ্বিতা করছেন। মেম্বার পদে ১৪৬ জন এবং সংরক্ষিত মেম্বার পদে ৫৩ জন প্রার্থী মাঠে রয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছাড়াও পানছড়ি সদর ও লোগাং ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী রয়েছেন। দলীয় প্রতীকের ৭ জন প্রার্থী ছাড়া বাকী ১৭ জন প্রার্থীর অধিকাংশ পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর সমর্থিত। এ নিয়ে প্রত্যন্ত এলাকায় আঞ্চলিক সংগঠনগুলোর প্রভাব মোকাবেলা করতে হতে পারে জাতীয় প্রতীকের প্রার্থী-সমর্থিতদের। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করেনি প্রার্থীরা।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।’ আগের ধাপের নির্বাচনের মতো সুষ্ঠু ও নিরাপদভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন তিনি।

খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈদুর রহমান বলেন, ‘পানছড়ির ৪৬টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সব কেন্দ্রের জন্য নিরাপত্তা ব্যবস্থার কৌশল নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ভিত্তিক পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২টি টহল দল ও পুলিশের প্যাট্রোল টিম মাঠে থাকবে। পার্বত্য চট্টগ্রামের ভৌগলিক অবস্থান বিবেচনা করে সেনাবাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।’

আরও পড়ুন