বাংলাধারা প্রতিবেদন »
কক্সবাজারের রামু গর্জনিয়া ইউনিয়নের কালিবইন্ন্য বালুর ঘোনা এলাকা থেকে আবদুল মতলব নামে এক চিহ্নিত ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৯টায় বালুর ঘোনা রাবার বাগানে চলাচলের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তার পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
রামু থানার ওসি আবুল খায়ের বলেন, গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াঙ্গারকাটা এলাকার মো. হাসানের ছেলে আবদুল মতলব একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি ও রামু থানায় ডাকাতি ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।
ওসি আবুল খায়ের আরো বলেন, ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ ডাকাত রাতের অন্ধকারে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে পুলিশ কাজ করছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












