বাংলাধারা ডেস্ক »
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বুধবার(১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। সেই সাথে এ মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ১০ আসামির মধ্যে এখনও পলাতক আছেন মুসা বন্ড।
এর আগে কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া বাবার সঙ্গে আদালতে হাজির হন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। পরে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনানো হয়। অভিযোগ গঠন শেষে আট আসামিকে আবারও কারাগারে পাঠানো হয়।
রিফাত শরীফ হত্যা মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা প্রত্যেকেই হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তদন্ত শেষে গত বছরের পহেলা সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে প্রত্যক্ষদর্শী একমাত্র সাক্ষী থেকে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ৭ নম্বর আসামি করা হয়। এর কয়েক দিনের মধ্যেই আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ৮ আসামি। এ মামলায় এখনও পলাতক রয়েছে আসামি মুসা বন্ড।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন রিফাতের বাবা আবদুল হালিম শরীফ।
বাংলাধারা/এফএস/টিএম














