২৬ মার্চ ২০২৬

বান্দরবানে গোলাগুলি, এক সেনা সদস্যসহ নিহত ৪, আহত ১

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান রুমা উপজেলায় রুমা সেনা জোনের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে রুমা জোনের এক সেনা কর্মকর্তা ও তিন সন্ত্রাসীসহ ৪ জন নিহত হয়েছে। এতে আরও এক সেনা সদস্য আহত হয়েছে।

নিহত সেনা সদস্য মো. হাবিবুর রহমানের (৪৫) বাড়ি বরিশাল ও আহত ফিরোজের বাড়ি (২০) সাতক্ষীরা জেলায়। তবে এখন পর্যন্ত সন্ত্রাসীদের কোন পরিচয় পাওয়া যায়নি। বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রুমা উপজেলা বথি পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ২৮ বীর রুমা জোনের রাইক্ষ্যয়াং লেক আর্মি ক্যাম্পে সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা হাবিব নেতৃত্বে বথি চন্দ্র পাড়া নামক এলাকায় অভিযান চালায় । অভিযানে সন্ত্রাসীরা টের পেলে এলোপাতাড়ি গুলি ছুড়লে বিপরীত থেকে সেনাবাহিনী গুলি ছুড়তে থাকে। গোলাগুলিতে সন্ত্রাসীদের ৩ জনসহ সিনিয়ন ওয়ারেন্ট কর্মকর্তা হাবিবের মাথায় গুলি লাগলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। এসময় ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্য ফিরোজের পায়ে গুলি লাগে। তাকে আহতাবস্থায় চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি এসএমজি, ৩টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম চৌধুরী করে বলেন, লাশগুলো কিছুক্ষণ আগে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন